খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে রিপন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দীঘিনালা থানার এসআই রফিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা রিপনকে গ্রেপ্তার করা হয়। আটক রিপন উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মৃত ফয়েজের ছেলে।
পুলিশ জানায়, রিপন এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে মাদক ব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, “দীঘিনালায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে তাদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার হওয়া রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।







