ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কিশোর-কিশোরী ক্লাবের ক্লাব ম্যানেজমেন্ট (সিএমসি) কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) -এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
সভাটি সঞ্চালনা করেন ফুলবাড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাসরিন পারভীন।
সভায় কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ক্ষেত্রে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অনাচার থেকে দূরে রাখতে এবং তাদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, কিশোর-কিশোরীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম সোহাগ বলেন, কিশোর-কিশোরীদের মেধা, মনন ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্লাবের কার্যক্রম ভবিষ্যতে চলমান রাখার জন্য আহ্বান জানান।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন