রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মতে, এ ঘটনা প্রমাণ করে জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে ‘উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়।
মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, সকালে ধানমণ্ডি-৩২ এলাকায় দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, ‘যমুনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলা ও লাঞ্ছিত করে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও এ হামলার শিকার হন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যেকোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী।’
তারা বলেন, ‘বিরোধী দলে থাকতেই জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে হামলা চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।’
বিবৃতিতে তারা আরও বলেন, ‘এ ঘটনা প্রমাণ করে জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।’
তাদের ভাষ্য, ‘পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এ হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে, স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না।’
ছাত্রদল সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সংগঠনটি অতীতেও মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যেকোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
ছাত্রদলের নেতারা অবিলম্বে ধানমন্ডি-৩২ এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত, তাদের আশু সুস্থতা কামনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।






