ভোলার চরফ্যাশন উপজেলায় টলির চাপায় লিয়া (১৫) নামের ১০ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের সনাক্ত করে তদন্ত পুর্বক বিচার দাবিতে লাশের কফিন কাঁধে নিয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে মিছিল করে।
বুধবার ১ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিয়া নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে চেয়ারম্যান বাজার আঞ্চলিক সড়কে একটি টলির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়ে স্থানীয়রা।
এদিকে, লিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সঠিক বিচারের দাবিতে সহপাঠী ও মাদ্রাসার শিক্ষার্থীরা লিয়ার মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।






