কুয়াকাটায় ৯ দফা দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে বাজেটে বরাদ্দের দাবি

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ এবং ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, জাতীয় সংসদে নতুন বাজেট ঘোষিত হলেও দেশের দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষ আবারও বঞ্চিত হয়েছেন।

তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও শিল্প অবকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দক্ষিণাঞ্চল পর্যটন, কৃষি, মৎস্য ও সমুদ্র অর্থনীতির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো ও সরকারি বিনিয়োগের অভাবে এ অঞ্চলের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তাই জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে ৯ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন চলাকালে সড়কের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন