নোয়াখালী চাটখিলে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিল  উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রেজ্জাকপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  গত (২১জুন) রোববার রাতে রেজাকপুর দিলু মেম্বারের পুলের পাশে এই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ।
সেমিনারে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সুলতান বাবর,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান শাহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক তারেক আজিজ শিপন, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউছুফ উন নবী বাবু,  ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হারুন, সাধারণ সম্পাদক মোঃ সুজনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, আইন প্রয়োগে পুলিশের কিছু দায়বদ্ধতা রয়েছে। তাছাড়া থানা পুলিশের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা মাদক ও সন্ত্রাসীদের বিষয় খবর দিলেও পুলিশ দ্রুত সময় ঘটনাস্থলে পৌঁছতে পারে না। তিনি আরো বলেন, পুলিশ এক জায়গায় ডিউটিতে থাকলে ওই জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিছু সময় লেগে যায়। মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। আয়োজিত সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে ৭ নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য থানা পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া বখাটেদের ইভটিজিং থেকে স্কুল কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীদের রক্ষায় থানা পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন