ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম আদালতের সুবিধাভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন।
অনুষ্ঠানের ভিডিও প্রদর্শনী ও আলোচনা পর্ব পরিচালনা করেন উপজেলা ভিলেজ কোর্ট কো-অর্ডিনেটর ওমর ফারুক সুমন।
প্রদর্শনীতে গ্রাম আদালতের কার্যক্রম, এর আওতাভুক্ত বিরোধসমূহ, আবেদন প্রক্রিয়া, সুবিধা ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য একটি কার্যকর ও সহজলভ্য বিচারব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ কম সময়ে এবং স্বল্প খরচে বিভিন্ন ছোটখাটো বিরোধের নিষ্পত্তি করতে পারেন।
আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে অভিহিত করেন।






