নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নবনির্মিত ত্রিমাত্রিক ভাস্কর্য ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিকে ধারণ করে দৃষ্টিনন্দন নকশায় পুনর্নির্মাণ করা হয়েছে এ ভাস্কর্যটি।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বাংলার ঈগল’ উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
এর আগে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের অংশ হিসেবে স্মৃতিফলকটি অপসারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় জনগণ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দাবির মুখে স্মৃতিফলকটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
জনমতের প্রতি গুরুত্ব দিয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ‘বাংলার ঈগল’ পুনর্নির্মাণের ঘোষণা দেন। পরবর্তীতে আধুনিক ও ত্রিমাত্রিক নকশায় নির্মিত হয় নতুন ভাস্কর্যটি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে ‘বাংলার ঈগল’ ভাস্কর্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





