ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ একটি দল ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ মোফাজ্জল হোসেন ওরফে সাগর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সন্দীপ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।






