নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতের অন্ধকারে এক কৃষকের ২০০ ফলনশীল কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। গত শুক্রবার রাতে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক সালেহ আহমদ (৫০) অভিযোগ করে বলেন, এক প্রতিবেশীর যোগসাজশে পূর্ব শত্রুতার জেরে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সকালে কলা বাগানে গিয়ে দেখা যায় পুরো বাগানজুড়ে কলা গাছগুলো কাটা পড়ে আছে। রাতারাতি সবকিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে।
গত ২৪ মার্চ রাতে তার বাগান থেকে ৯টি কলার ছড়া চুরি হয়। ওই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি তুলে ধরেন। এরপর থেকেই বিরোধ আরও তীব্র হয়। তবে স্থানীয়দের অনেকে বলছেন, রাতের আঁধারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ ধরনের নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এদিকে এ ঘটনা কে কেন্দ্র করে একটি চক্র নদনা ইউনিয়নের শিবপুর গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীনকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক সালেহ আহমদকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাতের আঁধারে কে বা কারা ঘটনা ঘটিয়েছে আমি দেখিনি, জয়নাল আবেদীনের সাথে আমার কোন বিরোধ নেই।
এই বিষয়ে যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাকে অবহিত করে নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







