মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষক ও কর্মচারীকে জমকালো আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন:
অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কেএএম মোঃ আসাদুজ্জামান
অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবু জাফর
মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান
উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক অচিন্ত্য কুমার কুণ্ডু
প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক শংকর কুমার ভৌমিক
এছাড়াও বর্তমান ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ডিইউএম হারুণ অর-রশিদ, বাংলা বিভাগের প্রভাষক শামিমা সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্র, অবসরপ্রাপ্ত প্রধান হিসাব রক্ষক মিজানুর রহমান এবং বিদায়ী কর্মচারী গোলাম মোস্তফা প্রমুখ।
এই অনুষ্ঠানে শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ১ জন উপাধ্যক্ষ, ৪ জন সহকারী অধ্যাপক, ৩ জন প্রভাষক, ১ জন প্রদর্শক এবং ৯ জন কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ১৮ জনকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট, স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন কলেজের অধ্যক্ষসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।






