ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান, অগ্নিনির্বাপণ, রোপ স্লাইডিং, রোপ র্যাপলিং, রোপ ডিসেন্ডিং এবং জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ে আত্মরক্ষার কলাকৌশল। এছাড়াও বিধ্বস্ত ভবন থেকে ভিকটিম শনাক্তকরণ, বিকল্প প্রবেশপথ তৈরি করে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে প্রেরণের প্রক্রিয়াটিও নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়।
কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ওয়াদুদ হাওলাদারের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়ায় ফায়ার ফাইটারদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, “যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে সচেতন করতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের মহড়ার আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে মহড়াটি উপভোগ করেন।
উল্লেখ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১০ মার্চ সারা দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।




