“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা এর উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম সান্তনু চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের মাগুরা শাখার সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল। আলোচনায় নারী নির্যাতন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করে নানা সুপারিশ তুলে ধরা হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টায় জেলা স্টেডিয়ামের সামনে এডাব মাগুরা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরেকটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী, সদস্য কল্যাণী বিশ্বাস, কাজী মফিজুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।







