প্রবাসীর বাড়ির রাস্তা বন্ধ: প্রতিকার চেয়ে অভিযোগ, তদন্তের নির্দেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা প্রতিবেশীর মাধ্যমে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীর পরিবারসহ আশপাশের কয়েকজন বাসিন্দা। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী মো. নাসির শেখের বাবা মৃত আবু বক্কার শেখ ১৯৯৪ সালে সদাশিবপুর মৌজার ২৩৫, ২৩৬ ও ২৩৭ নম্বর দাগের প্রায় ১০ দশমিক ২৫ শতাংশ জমি প্রতিবেশী মৃত আবু সাত্তার শেখের কাছ থেকে ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই পরিবারটি জমিটি ভোগদখল করে আসছে এবং ওই জমির ওপর দিয়ে তাদের বাড়িতে যাতায়াতের একটি রাস্তা ব্যবহৃত হয়ে আসছিল।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি মৃত আবু বক্কার শেখের ভাতিজা ফজলু শেখ ও তার ছেলে সোহাগ শেখ প্রভাব খাটিয়ে রাস্তার ওপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। ফলে পরিবারের সদস্যদের বাড়িতে যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
প্রবাসী নাসির শেখের স্ত্রী জানান, তার স্বামী বিদেশে থাকায় তিনি সন্তানদের পড়ালেখার কারণে রাজবাড়ী শহরে থাকেন। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এলে ওই পথ দিয়েই যাতায়াত করতেন। সম্প্রতি নতুন করে বাড়ি নির্মাণের জন্য জমিতে মাটি ফেলার পর হঠাৎ করে প্রতিবেশী ফজলু শেখ রাস্তা বন্ধ করে দেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে ফজলু শেখের ছেলে সোহাগ শেখ তাদের কাছে ৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দেন এবং পরবর্তীতে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ফজলু শেখ বলেন, যে জায়গাটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে সেটি তার নিজস্ব জমির অংশ। তাই তিনি সেখানে বেড়া দিয়েছেন। টাকা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, তার ছেলে পিকনিকের জন্য এলাকার অনেকের কাছেই টাকা চেয়েছিল, এটি কোনো চাঁদাবাজি নয়।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের ঘটনা গ্রামীণ সমাজে অশান্তি ও বিরোধ সৃষ্টি করে। তাই প্রশাসনের দ্রুত তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধান সামাজিক শান্তি ও মানুষের স্বাভাবিক চলাচলের অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন