শাহজাদপুরে অপরিকল্পিত রাস্তার বলি কবরস্থানের পরিচ্ছন্ন কর্মী: দুই মাস পর মৃত্যু

​সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে অপরিকল্পিত রাস্তার মরণফাঁদে পড়ে প্রাণ হারালেন দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞ এক পরিচ্ছন্ন কর্মী। টানা দুই মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে (৪ মার্চ বুধবার) না ফেরার দেশে চলে গেলেন তিনি।
​নিহত ওই ব্যক্তি শাহজাদপুর ১নং বাড়াবিল ও খারুয়াজংলা কবরস্থানের পরিচ্ছন্ন কর্মী হিসেবে দীর্ঘ তিন দশক ধরে নিয়োজিত ছিলেন। এলাকায় তিনি অত্যন্ত সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে এক গভীর রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে ১নং বাড়াবিল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় কোনো স্লোপ (ঢাল) না থাকায় তিনি অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭ ফুট ওপর থেকে নিচে পড়ে যান। এই ভয়াবহ পতনে তার কোমরের হাড় ভেঙে যায়। দীর্ঘ দুই মাস শয্যাশায়ী থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তার মৃত্যু হয়।
পৌর সদরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অত্যন্ত অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই অংশে কোনো সুরক্ষা ব্যবস্থা বা ঢাল না থাকায় এটি সাধারণ পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একজন নিরিহ মানুষের প্রাণ যাওয়ার পরও আজ অবধি রাস্তাটি সেই বিপজ্জনক অবস্থাতেই পড়ে আছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন