মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, নতুন নীতিমালা বাস্তবায়নে গুরুত্বারোপ

কৃষকদের কাছে ন্যায্যমূল্যে ও যথাসময়ে সার পৌঁছে দেওয়া, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে মাগুরায় বিসিআইসি, বিএডিসি ও নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ জেলার সরকার অনুমোদিত সার ডিলাররা।
সভাটি সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুমানা রহমান।
সভায় জানানো হয়, মাগুরা জেলায় বর্তমানে বিসিআইসি সার ডিলার ৩৮ জন, বিএডিসি সার ডিলার ৭৩ জন এবং নতুন নিয়োগপ্রাপ্ত সার ডিলার ৩৬ জনসহ মোট সার ডিলারের সংখ্যা ১৪৭ জন।
মতবিনিময় সভায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন এ নীতিমালায় সময়োপযোগী, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক সার বিতরণ ব্যবস্থা চালু, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক সার ডিলার ইউনিটের সংখ্যা নির্ধারণ এবং সব সার ডিলারকে কৃষি মন্ত্রণালয়ের ডিলার হিসেবে বিবেচনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের সুযোগ বাতিল, ডিলার নিয়োগ ও নবায়ন, সার বরাদ্দ এবং বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় নতুন নীতিমালার আলোকে সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম পরিচালনা, সার বরাদ্দের সুষ্ঠু ব্যবহার এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সার মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top