মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৬ জনকে মারধরের অভিযোগ, হাসপাতালে তরুণী

মাগুরার শালিখা উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ একই পরিবারের ছয়জনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৃষ্টি নামে এক তরুণী আহত হয়েছেন। তিনি বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চোখে আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর)  আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য সোহেলী খাতুন শালিখা থানায় আলতাফ মোল্যা (৫৫), ছামাদ মোল্যা (৪০) ও মাহাবুর মোল্যা (৩৮) নামে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে মাগুরার আদালতে ৩২১/২৩ নম্বর একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। অভিযোগকারীর দাবি, মামলাটি চলমান থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা, গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ ও মারধর করেন। এ সময় দৃষ্টি, তাঁর মা ও ভাবিসহ পরিবারের ছয়জন মারধরের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বসতঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর করে জমি দখলের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা।
সোহেলী খাতুন আরও জানান, হামলায় বাধা দিতে গেলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত আলতাফ মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, “মারধরের সময় আমি সেখানে ছিলাম না। আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। ফিরে এসে শুনেছি, তাঁরা নিজেদের মধ্যে মারামারি করেছেন।”
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top