বিশ্ব শিক্ষক দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তারেক হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল মিয়া। এতে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন এবং লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান বলেন, “শিক্ষকরাই জাতির মেরুদণ্ড এবং আলোকিত সমাজ গড়ার কারিগর। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।” তিনি শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও সার্বিক সম্মানের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষক সমাজের অধিকার রক্ষা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি গুণগত শিক্ষা নিশ্চিতকরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



