রাজাপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার: পুলিশ সদস্য স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

 ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মনি (২৫) নামের এক তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে ওই তরুণীর স্বামী, যিনি একজন কর্মরত পুলিশ সদস্য, ৫ বছরের সন্তানসহ পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
গতকাল রাতে উপজেলার বাগড়ি বাজার এলাকার ওয়ালটন প্লাজা সংলগ্ন একটি গলির ভেতরের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত মনি উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
​নিহতের স্বামী নূর উদ্দিন একজন পুলিশ সদস্য। তিনি এর আগে রাজাপুর উপজেলার সাবেক সার্কেল এএসপি মাসুদ রানার গানম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত আছেন বলে জানা গেছে। নূর উদ্দিনের স্থায়ী বাড়ি সাতক্ষীরা জেলায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নূর উদ্দিন তার স্ত্রী মনিকে পরিকল্পিতভাবে হত্যা করে তাদের ৫ বছরের ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন। হত্যার পর নূর উদ্দিন তার শ্বশুরকে মুঠোফোনে কল করে বলেন, “আপনার মেয়ে আর নেই।” এই খবর পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর সন্তানসহ পালিয়ে যাওয়ার এই অভিযোগে রাজাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্তসহ অভিযুক্তকে আটকে অভিযান শুরু হয়েছে।
One attachment

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন