রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ শুরু: প্রাক-পাইলটিং প্রকল্পে নতুন দিগন্ত

দেশব্যাপী কৃষি সহায়ক কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রাক-পাইলটিং পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কৃষি ব্লকের কৃষকদের মাঝে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়। প্রথম দিনে ১৫ জন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হলেও প্রাথমিক পর্যায়ে ওই ব্লকের মোট ১১৫ জনসহ সর্বমোট ১,০৩৬ জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণসহ মোট ১০ ধরনের বিশেষ সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শহিদুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীসহ উপকারভোগী কৃষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
বক্তারা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ও বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
উল্লেখ্য, সরকারের এই প্রাক-পাইলটিং প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলার ১১টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা কৃষি ব্লক অন্তর্ভুক্ত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন