“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দাস এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা গেলে অপুষ্টিজনিত নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সদর, মাগুরা।





