কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়ায় গ্রাম্য সালিশ বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীর চুলের খোঁপা ধরে পিঠে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে জুতাপেটা করতে দেখা যায়।
সোমবার ( ১৭ আগস্ট ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে একটি পরকীয়াসংক্রান্ত সালিশ বৈঠকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, গ্রামের ছোট-বড় অনেক মানুষের উপস্থিতিতে ওই নারীকে প্রকাশ্যে চুলের খোঁপা ধরে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের সবজি বিক্রেতা বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ওই নারী ও সংশ্লিষ্ট পুরুষকে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরুষের বিচার বা শাস্তির কোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েনি। তবে নারীকে জুতাপেটার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ওই নারী প্রবাসী স্বামীর সংসারে থেকে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। স্থানীয় লোকজন গভীর রাতে তাদের হাতেনেতা আটক করেন। পরদিন সালিশের আয়োজন করা হয়। সালিশ বৈঠকে উত্তেজিত জনতার হাত থেকে তাদের সুরক্ষা দিতে স্থানীয় মুরুব্বীদের পরামর্শে তাদেরকে এই শাস্তি দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন জানান, ঘটনাটি তার নজরে এসেছে। ওই নারীকে কী কারণে এভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






