প্রবাসীর ৪০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ‘কথিত’ ভাতিজার হাত ধরে তিন সন্তানের জননী উধাও!

মাগুরার সদর উপজেলার সত্যবানপুরে প্রবাসী স্বামীর পাঠানো প্রায় ৪০ লাখ টাকা, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে কথিত ভাতিজার হাত ধরে তিন সন্তানের জননী আছিয়া খাতুন নামের এক গৃহবধূর উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আব্দুল্লাহ স্ত্রী আছিয়া ও তাঁর প্রেমিক সম্রাট হোসেনের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সম্রাট হোসেন গাংনী গ্রামের বাসিন্দা এবং তিনিও এক সন্তানের জনক বলে জানা গেছে।

​স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে মাগুরার সত্যবানপুর গ্রামের আব্দুল্লাহর সাথে পার্শ্ববর্তী গাংনী গ্রামের জমির বিশ্বাসের মেয়ে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর আব্দুল্লাহ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান এবং বিভিন্ন সময়ে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪০ লাখ টাকা পাঠান। শুধু তাই নয়, ভালোবাসার টানে আব্দুল্লাহ নিজের সাড়ে ৬ শতক জমিও স্ত্রীর নামে লিখে দেন।

​অভিযোগে জানা যায়, স্বামী বিদেশে থাকার সুবাদে আছিয়া খাতুন সম্পর্কে তাঁর ভাতিজা (এক সন্তানের জনক) সম্রাট হোসেনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। সম্রাট প্রায়ই আব্দুল্লাহর বাড়িতে যাতায়াত ও রাত্রিযাপন করত। আব্দুল্লাহর মা (আছিয়ার শাশুড়ি) এতে বাধা দিলে আছিয়া কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলতেন, “সম্রাট আমার ছেলের মতো।”

​গত ১০ এপ্রিল (১০/০৪/২০২৬) আব্দুল্লাহ বিদেশ থেকে আকস্মিক বাড়ি ফিরে স্ত্রী ও সম্রাটের এই গভীর সম্পর্কের বিষয়টি টের পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। এর জের ধরে গত ১ জুন (০১/০৬/২০২৬) আছিয়া খাতুন বাপের বাড়ি যাওয়ার কথা বলে নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ প্রেমিক সম্রাটের হাত ধরে উধাও হয়ে যান।

​বর্তমানে ভুক্তভোগী প্রবাসী আব্দুল্লাহ তাঁর কষ্টার্জিত টাকা, স্বর্ণালংকার ফেরত এবং স্ত্রীর নামে লিখে দেওয়া জমি উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন