ঝালকাঠির রাজাপুরে প্রবাসীর মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

​ঝালকাঠির রাজাপুর উপজেলায় আফছানা আক্তার মিম (১৮) নামে এক প্রবাসীর মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আফছানা আক্তার মিম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে তার মা মরিয়ম বেগমের সঙ্গে রাজাপুরের বাগড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মা-মেয়ে রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মিমের মা মরিয়ম বেগম মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পাশের জানালা দিয়ে উঁকি দেন। এ সময় তিনি মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
​খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক ও এসআই (নিঃ) এস এম আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে।
​প্রাথমিক তদন্তের বিষয়ে রাজাপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন