বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে বজ্রপাত সহ কাল বৈশাখী ঝড়ে এ দুইজনের মুত্যুর ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়ার রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. খাইরুল বাশার বলেন, আজিমুল ইসলামের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বাঁকা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মো. তরিকুল ইসলাম বলেন, রাসেল আলী মাঠে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ বলেন, বজ্রপাতে রাসেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবং দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবর পাওয়া গেছে।






