আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (২৬ এপ্রিল) রাত ১০ টার দিকে আশুলিয়ার আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের শ্রমিকরা বাইপাইল এলাকায় সড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গেল ফেব্রুয়ারি মাস থেকে ওই কারখানার প্রায় ৬০০ শ্রমিকের বেতন দিচ্ছেনা কর্তৃপক্ষ। আবার অনেক শ্রমিকের ৩ থেকে ৪ মাসের বেতন আটকা পরেছে। বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ বেতন পরিশোধের বার বার আশ্বাস ফিলেও তা পরিশোধ করেনি। তাই বাধ্য হয়েই তারা বেতন আদায়ের দাবীতে সড়ক অবরোধ করেছেন। দ্রুত পাওনা পরিশোধের দাবি জানান তারা।
এদিকে, মহাসড়ক বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাজে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় এক ঘন্টা পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলতি মাসসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।






