ঢাকা জেলার আশুলিয়া এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ জুন দুপুর ১টা ৫ মিনিটে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন আরাফাত (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মাসুমা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।






