প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নাসিরনগরের হাওরাঞ্চল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলহানির শিকার হয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এখানকার কৃষকরা। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং সহায়তা পৌঁছে দিতে মাঠে নেমেছে সরকার।
শনিবার (৯ মে) নাসিরনগর উপজেলা পরিদর্শনে এসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২৫০টি কৃষক পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এছাড়াও গোয়ালনগর ইউনিয়নের মৃত আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসাইন, জেলা পুলিশ সুপার মো. উবাইদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।
বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের কৃষি রক্ষা ও কৃষকদের টিকিয়ে রাখতে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। ভবিষ্যতে যাতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমে, সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে এমপি এম এ হান্নান বলেন, নাসিরনগরের কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তাদের ফসল ও জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ অঞ্চলকে আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করার পরিকল্পনা রয়েছে।




