সাভারে মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাভারে মাদকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে তান্ডব চালিয়েছে এক মাদকাসক্ত যুবক। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, পেট্রোল ঢেলে ঘরে অগ্নিসংযোগ করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রবিবার রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সোমবার দুপুরে মাদকাসক্ত যুবক আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জামাতা আনোয়ার হোসেন হাওলাদার দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। তার স্ত্রী প্রবাসে থাকায় সে প্রায়ই  শ্বশুরবাড়ির লোকজনের কাছে নেশার টাকার জন্য চাপ দিত। রবিবার সন্ধ্যায় সে তার শ্বশুর বাড়িতে গিয়ে  নেশার টাকা দাবি করে। শ্বশুর বাড়ির লোকজন টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
​একপর্যায়ে উত্তেজিত হয়ে আনোয়ার হোসেন হাওলাদার বাড়ির আসবাবপত্র, জানালা ও শোকেস ভাঙচুর শুরু করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভাঙচুরের একপর্যায়ে সে ঘরের ভেতর  কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
​আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের মূল্যবান কাগজপত্র, কাপড়চোপড় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবারটি।
​খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় থানা পুলিশ। এই বিষয়ে সাভার মডেল থানার এস আই আশিকুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত যুবককে আটক করে স্থানীয়রা আমাদেরকে খবর দিয়েছে। আমরা তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছি। ভুক্তভোগী পরিবার থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন