চাঁদপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের তিন সহযোগী পালিয়ে যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে একটি দল চাঁদপুর সদর মডেল থানার ১৫ নম্বর ওয়ার্ডের জিটি রোড এলাকায় শফিক ভূঁইয়া বাড়ির ভাড়াটিয়া বোরহানের বাসায় অভিযান চালায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি সদস্যরা ইসমাইল হোসেন সাগর (২৮) ও মো. খোরশেদ আলম (২৯)-কে আটক করতে সক্ষম হন। তবে বোরহান (৩৮)সহ আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ইসমাইল হোসেন সাগরের কাছ থেকে ৫০ পিস এবং মো. খোরশেদ আলমের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ৫৪ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার ২০০ টাকা।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, পলাতক বোরহানের সহযোগিতায় তারা কুমিল্লা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চাঁদপুরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন।
উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে ২ পিস রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং অবশিষ্ট ৫২ পিস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) বিকাশ চক্রবর্তী বাদী হয়ে আটক দুইজন ও পলাতক বোরহানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।
ডিবি পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






