নীলফামারীর ডিমলা উপজেলায় ধরধরা খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নাউতারা ইউনিয়নে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির
এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, বিএনপি নেতা অধ্যক্ষ মানোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান, নাউতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. জব্বার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজী রোকনুজ্জামান বকুল ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা ধরধরা খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, সেচব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে করে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হারিয়ে যাওয়া খাল-বিল পুনরুদ্ধার করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
স্থানীয়রা জানান, খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি নির্ভর এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, সরকারের চলমান খাল খনন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




