নোয়াখালীর চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে উপজেলার পরকোট ইউনিয়নের কালাম চৌকিদারের বাড়িতে। গতকাল শনিবার দুপুরে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী আরিফ (৪০) স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কালাম চৌকিদারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে তাঁর স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে স্ত্রী ফিরে আসলেও পারিবারিক কলহের জেরে গত শুক্রবার রাতে নিজের ভাড়া বাসায় স্ত্রী-সন্তানের অনুপস্থিতিতে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
চাটখিল থানার এস আই সেকান্দর মোল্লা জানান, নিহত আরিফ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মৃত. মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেনি। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় তিনি আরও জানান, নিহতের পরিবারকে ঘটনার বিষয়ে জানাতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।






