ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গত ৪ মে রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফুল মিয়া ওরফে আপন (৩০) ও মোঃ তৈয়ব আলী (৪০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন ও ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
পরবর্তী অভিযানে ৫ মে দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম (২৮), আঃ মান্নান (৩৫) ও মোঃ সুমন হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
অপরদিকে, একই ধারাবাহিক অভিযানে ৪ মে রাত ১১টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাইডেল ওরফে মাইডা (৩২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।






