রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্র-ব-১৫-৬৭০২) যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়া আদায় করছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীদের বক্তব্যে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় সুপারভাইজার মোঃ আব্দুল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছিল বলে জানান তারা।
একই দিনে বিকেলে কালুখালী উপজেলার মোহনপুর এলাকার একটি পেট্রোল পাম্পেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। সেখানে অনিয়মের অভিযোগে জরিমানা ও কঠোর সতর্কতা জারি করা হয়।
স্থানীয় সূত্র ও সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, রাজবাড়ী জেলায় বর্তমানে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পাম্পে তেল স্বল্পতার কারণে দীর্ঘ লাইন, ভোগান্তি এবং বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে ৷বিশেষ করে কালুখালীর মোহনপুর এলাকাতেও তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যাতে অন্তত দুইজন আহত হন
এমন পরিস্থিতিতে পাম্পগুলোতে অনিয়ম, অতিরিক্ত চাপ এবং সুযোগ নিয়ে অসাধু কার্যক্রমের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের সাম্প্রতিক অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখলেও, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “যাত্রী ও সাধারণ ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ভাড়া ও জ্বালানি—উভয় ক্ষেত্রেই নিয়ম মানতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, পরিবহন ও জ্বালানি খাতে একসঙ্গে অভিযান চালানো প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ। তবে এ ধরনের অভিযান নিয়মিত না হলে আবারও অনিয়ম মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।






