রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান। বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম ও বর্বরতম গণহত্যার ঘটনা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এটি ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালিদের ওপর যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছিল, তা ইতিহাসে চিরকাল এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আলোচনা সভায় বক্তারা সেই দুঃসহ সময়ে শহীদ হওয়া সকল বীর সন্তানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






