ফেনীর ফুলগাজী থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২৪টি মাদক মামলার আসামি ও পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম (৫০) এবং তার সহযোগী ইমরান হোসেনকে (৩৫) ৪১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার দরবারপুর ইউনিয়নের পুরাতন মুন্সিরহাট ফতেপুর রাস্তার মাথা থেকে ইয়াবা কেনাবেচার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে। তার সহযোগী ইমরান হোসেন উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের সেরাজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানা পুলিশের একটি চৌকস দল রোববার সন্ধ্যায় পুরাতন মুন্সিরহাট ফতেপুর রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করার অবস্থায় ইব্রাহিম ও ইমরানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদারভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
পুলিশ জানায়, কুখ্যাত মাদক সম্রাট ইব্রাহিমের বিরুদ্ধে ফুলগাজী থানায় আগের ২৪টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন এবং কিছু মামলায় সে ইতিপূর্বে সাজাও ভোগ করেছে। মাদক ব্যবসার পাশাপাশি সহযোগী ইমরানের বিরুদ্ধে থানায় দুটি চুরির মামলা রয়েছে।
এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। সোমবার (৮ জুন) আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ফুলগাজী থানা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





