বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ভাদাইকান্দি, আড়িয়া ইউনিয়নের নয়মাইল এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জানান।অভিযোগে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা মার্কার পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে।অধ্যাপক আব্দুল মতিন বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।”এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিঁড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।
আকাশ আহমেদ







