রাজবাড়ীর কালুখালীতে ভিজিএফ চাল জালিয়াতি: দুইজনকে কারাদণ্ড, বিপুল চাল ও জাল কার্ড জব্দ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১০ কেজি হারে চাল অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত ও ৬৯টি স্বাক্ষরবিহীনসহ মোট ৭৬টি জাল কার্ড জব্দ করা হয়। এছাড়া ৫০ কেজি ওজনের দুই বস্তা খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে আরও দেখা যায়, উপকারভোগীদের মাঝে নির্ধারিত ১০ কেজির পরিবর্তে কম পরিমাণে চাল বিতরণ করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ৫৬টি কার্ডের বিপরীতে ৫৫৯ কেজি চাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, দরিদ্রদের প্রাপ্য ত্রাণ নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন, ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন