মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং পুরস্কার হিসেবে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসার আহমেদ এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ স্বাধীনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সচেতন ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সততা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা সদরের ১০টি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলো মাগুরা প্রেসক্লাব মিলনায়তন এবং মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন