মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার
পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫) এবং সদর উপজেলার বেঙ্গবেরইল গ্রামের
গোলাম রব্বানীর ছেলে নাঈম (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীও মারা যান।
আহত নারী ও শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাগুরা হাইওয়ে থানার এসআই মাহাবুবুর রহমান জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে






