ভোলায় সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীন গ্রেপ্তার

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভোলা সদর থানা পুলিশের একটি বিশেষ দল তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ২০১৯ সালে ভোলা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় মোস্তাক আহমেদ শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে ভোলা আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, মোস্তাক আহমেদ শাহীনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর মুক্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় কোনো দায়িত্বশীল নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি গ্রেপ্তারের ঘটনায় মোস্তাক আহমেদ শাহীনের পরিবারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন