ভোলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে ভোলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। জেলা প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পান্তা-ইলিশ উৎসব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো শহর রঙিন হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরিবেশন করে মনোজ্ঞ অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে পান্তা-ভর্তা ও ভাজা মাছের আয়োজন করা হয়। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষের এই ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার বলেন, আয়োজন সফল করতে পেশাদার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে।
জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির প্রতীক। আয়োজন সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, নতুন বছরের সূচনায় পুরোনো সব গ্লানি ভুলে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যাশা করা হচ্ছে।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাবাসী আনন্দ-উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নেয়।
ক্যাপশন : পহেলা বৈশাখ উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য শোভাযাত্রা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন