বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ২৫টির বেশি দোকান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টির বেশি দোকান পুড়ে গেছে। রোববার (৯ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি তুলা তৈরির মেশিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাট, তুলা, মুদিখানা, ধান-গমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাজবাড়ী ও কালুখালী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ব্যবসায়ীরা ধারণা করছেন, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন