মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে একটি ভারতীয় অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
২৩ জানুয়ারি শুক্রবার রাতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গান্দাই বিওপির বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৭শ’ গজ বাংলাদেশ অভ্যন্তর বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থান হতে ভারতীয় অবৈধ অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করেছে।
বিজিবি জানিয়েছে, ভারতীয় অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গান্দাইল বিওপি হতে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিজিবি একটি ভারতীয় অবৈধ রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, অবৈধ ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যেকোন অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নের কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান চলমান আছে এবং তা অব্যাহত থাকবে।
সঞ্জয় দেবনাথ







