প্রেস ক্লাবে ঢুকে হামলা করে পদ হারালেন যুবদলের ৪ নেতা

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলায় জড়িত যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেস ক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা সভাপতিকে মারতে মারতে প্রেস ক্লাব ভবনের বাইরে নিয়ে যায় এবং ইট, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, তার মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন