দশমিনায় গভীর রাতে পুলিশের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালীর দশমিনায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকার বড় মল্লিক বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে দশমিনা থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি মোঃ বাবলু মিয়া (৪৫)। তিনি মাছুয়াখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলখোলা বাজার এলাকা থেকে তথ্য সংগ্রহ করে অভিযান চালায় দশমিনা থানার একটি চৌকস টিম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা পুরাতন ব্লু রঙের চেক লুঙ্গি দিয়ে বাঁধা এবং নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও বহনের কৌশল দেখে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, মাদকের ভয়াবহ বিস্তারে যুব সমাজ দিন দিন বিপথে যাচ্ছে। সহজে অর্থ উপার্জনের লোভে কিছু অসাধু ব্যক্তি গ্রামাঞ্চলেও মাদকের নেটওয়ার্ক গড়ে তুলছে, যা সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
দশমিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। আটককৃত বাবলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন