ঢাকা জেলায় পৃথক অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
মঙ্গলবার (২ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকা থেকে শামীম ওরফে এখলাছ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে সাভারের তালবাগ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৩৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এদিকে ধামরাইয়ের কালামপুর এলাকায় পৃথক অভিযানে আছলাম হোসেন (২৩) ও বিল্লাল হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন