আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মওলানা আব্দুস সাত্তার তাঁর ৬ দফা অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গত মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি “চলো একসাথে গড়ি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, যুগোপযোগী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
মওলানা আব্দুস সাত্তার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং একটি কল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






