ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার দুই এলাকায় নয় বছর বয়সী দুই শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার চাচাতো চাচা আবদুল আজিজ হাওলাদারের (৬০) বিরুদ্ধে। গত সোমবার বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
অভিযুক্ত আবদুল আজিজ হাওলাদার রমজানকাঠি গ্রামের মৃত মোনতাজ হাওলাদারের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ঝালকাঠি সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শিশুটির পরিবার জানায়, বাড়ির পাশে একটি গাছ থেকে তাল পড়ার বিষয়টি জানাতে শিশুটি আবদুল আজিজের কাছে যায়। এ সময় তাকে জোর করে ঘরের ভেতরে নিয়ে যৌন নিপীড়ন করা হয় বলে পরিবারের কাছে অভিযোগ করে শিশুটি। একপর্যায়ে সেখান থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় সে।
অন্যদিকে, সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাদলকাঠি এলাকায় নয় বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার এনায়েত হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা কালাম হাওলাদার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে এনায়েত হাওলাদারকে গ্রেপ্তার করে।
ঝালকাঠি সদর থানা পুলিশ জানায়, পৃথক ঘটনায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আবদুল আজিজ হাওলাদার ও এনায়েত হাওলাদারকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।






