জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোরের অভয়নগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু।
সভায় সরকারি কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শরীফ হোসাইন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মহিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে জুলাইয়ের শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রশাসন জানিয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খল পরিবেশে পালনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।






